দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের প্রভাবে স্থগিত হতে পারে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ট্রেলার প্রকাশ
ভারতের দিল্লির লালকেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো দেশ শোকাহত, আর উদ্বেগ ছড়িয়ে পড়েছে বলিউডেও।
বিস্ফোরণের প্রভাব পড়তে পারে রণবীর সিং অভিনীত নতুন ছবি ‘ধুরন্ধর’-এর প্রচারণায়। জানা গেছে, বুধবার (১২ নভেম্বর) মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির অফিশিয়াল ট্রেলার, তবে বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে প্রকাশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কারণ, সিনেমার গল্পে সন্ত্রাসবাদের প্রেক্ষাপট রয়েছে, যা এই মুহূর্তে দর্শকদের কাছে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা নির্মাতাদের।
বলিউডসংক্রান্ত একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া পেজে লেখা হয়েছে, “‘ধুরন্ধর’-এর ট্রেলার প্রকাশের তারিখ ছিল বুধবার, তবে দিল্লির ঘটনার কারণে সেটি পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে।”
যদিও প্রযোজনা সংস্থা বা পরিচালক এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।
ট্রেলার উন্মোচনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল মুম্বাইয়ের ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এ। কিন্তু দেশজুড়ে শোকের আবহে অনুষ্ঠানটি হবে কি না, তা অনিশ্চিত হয়ে পড়েছে।
ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর, যিনি এর আগে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ও ‘আর্টিকল ৩৭০’-এর মতো সফল সিনেমা উপহার দিয়েছেন।
‘ধুরন্ধর’-এ রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর. মাধবন ও সারা অর্জুন।