৮৯ বছরের ধর্মেন্দ্র হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন, সুস্থ আছেন
৮৯ বছর বয়সী কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি ৩১ অক্টোবর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন।
হাসপাতালের ডা. প্রীত সামদানি জানান, ধর্মেন্দ্রকে বুধবার সকাল ৭:৩০টায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবার সিদ্ধান্ত নিয়েছে, তিনি বাড়িতেই চিকিৎসা চালাবেন।
অভিনেতার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, “মি. ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি বাড়িতেই সুস্থ হয়ে উঠবেন। আমরা গণমাধ্যম ও জনসাধারণকে অনুরোধ করছি, এই সময় তার ও পরিবারের গোপনীয়তা সম্মান করতে। সবাইকে ভালোবাসা, প্রার্থনা এবং শুভকামনার জন্য ধন্যবাদ।”
এর আগে মঙ্গলবার কিছু পোর্টালে ধর্মেন্দ্রের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল। অভিনেতার মেয়ে এশা দেওল সেই খবরকে মিথ্যা দাবি করে জানান, তার বাবা স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন।