একই দিনে নির্বাচন ও গণভোটে জনগণের মত উপেক্ষিত: জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তে জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা বারবার অনুরোধ করেছি এবং যুক্তি দিয়েছি যেন গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে না হয়। কিন্তু আমাদের সেই যৌক্তিক অনুরোধকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনের ইতিহাসে অনেক সময় কিছু কেন্দ্রে সমস্যা দেখা দেয় বা ভোটগ্রহণ স্থগিত হয়। তাহলে সেই দিন যদি প্রতীকের ভোট বন্ধ হয়, গণভোটের ভোটের কী হবে? এই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না।”
জামায়াত নেতা জানান, একই দিনে ভোট আয়োজনের সিদ্ধান্তে সাড়ে ১২ কোটি ভোটার উদ্বিগ্ন হয়ে পড়বে। তিনি বলেন, “আমরা আট দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছিলাম, যাতে জনগণের মতামত স্পষ্টভাবে প্রতিফলিত হয়। কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষণায় সেই সংকটের কোনো সমাধান পাওয়া গেল না।”
তিনি আরও জানান, আজ সন্ধ্যার পর জামায়াতের নির্বাহী পরিষদ বৈঠকে বসবে প্রধান উপদেষ্টার ঘোষণার সব দিক পর্যালোচনার জন্য। একই সঙ্গে সমমনা আট দলের অন্যান্য দলও এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
“সব দলের মতামত একত্রিত করে পরে আমরা বিস্তারিত প্রতিক্রিয়া জানাব,” বলেন মিয়া গোলাম পরওয়ার।