নতুন সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির—ভক্তদের মাঝে উত্তেজনা
গত কয়েক বছরের মধ্যে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে আলোচনায় এসেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ভিন্নধর্মী চরিত্র, নতুন লুক, গেটআপ ও উপস্থাপনা দিয়ে তিনি তরুণ দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর কাজ নিয়ে।
এদিকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভক্তদের মধ্যে। খবর এসেছে, শাকিব খানের নতুন এক সিনেমায় তার বিপরীতে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শাকিব।
সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের একটি ভিডিওতে শাকিব বলেন, “তোমার বেশ কিছু ভ্লগ দেখলাম আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে—হানিয়ার সঙ্গে।”
পাশে থাকা একজন জানতে চাইলে তিনি আরও জানান, “একটা সিনেমার জন্য তার সঙ্গে কথা হচ্ছে।”
শাকিবের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল মাতামাতি। তবে কোন সিনেমায় হানিয়া আমিরকে দেখা যাবে—তা স্পষ্ট করে বলেননি তিনি।
ভক্তরা ইতোমধ্যেই নানা ধারণা দিচ্ছেন। কেউ মনে করছেন ‘প্রিন্স’ সিনেমায় জুটি বাঁধতে পারেন তারা, আবার কেউ বলছেন নতুন ঘোষিত রোমান্টিক সিনেমায় দেখা যেতে পারে এই জুটিকে।
উল্লেখ্য, ‘সোলজার’ সিনেমার কাজ শেষ করে ডিসেম্বর থেকে ‘প্রিন্স’-এর শুটিং শুরু করবেন শাকিব খান। এরপর আগামী বছরের ১০ ফেব্রুয়ারি তিনি যোগ দেবেন আজমান রুশোর পরিচালিত আরেকটি নতুন সিনেমার শুটিংয়ে, যার নায়িকা হিসেবে নতুন মুখ নেওয়ার কথা রয়েছে।