রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেটে ৪,০০০ রান ও ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ
ভারতের স্টার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেটে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তিনি টেস্ট ক্যারিয়ারে ৪,০০০ রান পূর্ণ করেছেন। এর আগে তার হাতে ছিল ৩০০-এর বেশি উইকেট।
এই দুটি কৃতিত্ব একসাথে অর্জনের মাধ্যমে জাদেজা ক্রিকেট ইতিহাসের একটি এলিট ক্লাবের সদস্য হয়ে উঠেছেন। এর আগে মাত্র তিনজন ক্রিকেটার এই ক্লাবের অংশ ছিলেন — ভারতের কপিল দেব, ইংল্যান্ডের ইয়ান বোথাম এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি।
জাদেজার ৮৮টি টেস্টে সংগ্রহ ৪,০১৭ রান, যার মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটি। তার সর্বোচ্চ ইনিংস ১৭৫ রান। চলতি বছরে ৯টি টেস্টে তিনি ৬৮৬ রান করেছেন, গড় ৮৩.৭৫, যার মধ্যে দুইটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি রয়েছে।
বল হাতে তার ধারাবাহিক পারফরম্যান্সও চমকপ্রদ; মোট ৩৩৮ উইকেট নিয়েছেন, যার মধ্যে ১৫ বার পাঁচ উইকেট এবং ৩ বার দশ উইকেট নিয়েছেন। এখনও তার ওপরে আছেন কপিল দেব (৫,২৪৮ রান, ৪৩৪ উইকেট), ইয়ান বোথাম (৫,২০০ রান, ৩৮৩ উইকেট) এবং ড্যানিয়েল ভেট্টোরি (৪,৫৩১ রান, ৩৬২ উইকেট)।