সরকারি এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব আমলে নেয়নি বিইআরসি
সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর প্রস্তাব গ্রহণ করেনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থার চেয়ারম্যান জালাল আহমেদ জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড দাম বাড়ানোর আবেদন করলেও তা এখনো বিবেচনায় নেওয়া হয়নি।
সম্প্রতি এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দেয়। ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়ার সই করা আবেদনটি বিইআরসিতে দাখিল করা হয়। আবেদনে ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন ব্যয় এবং অপারেশন খরচ বৃদ্ধি পাওয়ার বিষয় উল্লেখ করা হয়। প্রতিষ্ঠানটি আরও জানায়, বেসরকারি খাতে সিলিন্ডারের দাম (১,৩২৩ টাকা) বেশি হওয়ায় সরকারি এলপিজির দাম সমন্বয় প্রয়োজন।
এর আগে ৪ মে বিইআরসি গণশুনানি ছাড়াই সরকারি এলপিজির দাম ৬৯০ টাকা থেকে বাড়িয়ে ৮২৫ টাকা নির্ধারণ করে—যা নিয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) তীব্র সমালোচনা করে।
ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেন, বিইআরসি পূর্বেও নিয়মবহির্ভূতভাবে দাম বাড়িয়েছে। এবারও গণশুনানি ছাড়া দাম বাড়ানোর চেষ্টা হলে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য হবে।