মেহজাবীন চৌধুরী ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।
রবিবার (১৬ নভেম্বর) আদালত সূত্রে জানা যায়, মামলায় নির্ধারিত তারিখে তারা আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানার তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন তাকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার আশ্বাস দেন। এই বিশ্বাসে বাদী নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা প্রদান করেন। কিন্তু ব্যবসায়িক কার্যক্রম শুরু না করে মেহজাবীন ও তার ভাই সময়ক্ষেপণ করতে থাকেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, পাওনা টাকা চাইতে গেলে তারা বারবার আজ-কাল করে টালবাহানা করেন। পরে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইতে গেলে ১৬ মার্চ হাতিরঝিলের এক রেস্টুরেন্টে দেখা করতে বলেন। নির্ধারিত দিনে সেখানে গেলে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন বাদীকে গালিগালাজ করে এবং বলেন—
“আমাদের বাসায় টাকা চাইতে আসবি না, সামনে দেখলে মেরে ফেলব।”
এসময় তারা জীবননাশের হুমকিও দেন।
ঘটনার পর বাদী ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করতে পরামর্শ দেয়। পরবর্তীতে আমিরুল ইসলাম বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।