২০২৬ সালে ব্যাংকে ২৮ দিনের ছুটি ঘোষণা করলো বাংলাদেশ ব্যাংক
২০২৬ সালের জন্য তফসিলি ব্যাংকগুলোর ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন তালিকা অনুযায়ী আগামী বছর ব্যাংকগুলো মোট ২৮ দিন বন্ধ থাকবে, যা গত বছরের তুলনায় বেশি।
রবিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সুপারভিশন তালিকাটি চূড়ান্ত করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতে এই তালিকা কার্যকর করা হবে।
২০২৪ সালে ব্যাংকে ছুটি ছিল ২৪ দিন, ২০২৫ সালে ২৭ দিন, আর ২০২৬ সালে তা বেড়ে দাঁড়াল ২৮ দিনে।
নতুন তালিকা অনুযায়ী, বছরের প্রথম ছুটি থাকবে ৪ ফেব্রুয়ারি, শবেবরাত উপলক্ষে। পরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও ব্যাংক বন্ধ থাকবে। শবেকদর উপলক্ষে ছুটি থাকবে ১৭ মার্চ।
১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে—যার মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি।
এ ছাড়া স্বাধীনতা দিবস (২৬ মার্চ), বাংলা নববর্ষ (১৪ এপ্রিল), মে দিবস ও বুদ্ধপূর্ণিমা (১ মে) — এসব দিনেও ব্যাংক বন্ধ থাকবে।
২৬ থেকে ৩১ মে ঈদুল আজহা উপলক্ষে ব্যাংকে টানা ছুটি থাকবে, যার মধ্যেও দুই দিন সাপ্তাহিক ছুটি রয়েছে।
আশুরা (২৬ জুন), ব্যাংক হলিডে (১ জুলাই), জুলাই গণ-অভ্যুত্থান (৫ আগস্ট), ঈদে মিলাদুন্নবী (২৬ আগস্ট), জন্মাষ্টমী (৪ সেপ্টেম্বর), দুর্গাপূজা (২০-২১ অক্টোবর) — এসব দিনেও ব্যাংক বন্ধ থাকবে।
বছরের শেষ ছুটিগুলো হলো বিজয় দিবস (১৬ ডিসেম্বর), বড়দিন (২৫ ডিসেম্বর) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে—জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তালিকাটি দেশের সব তফসিলি ব্যাংকে কার্যকর হবে।