শ্রীমঙ্গলে পরিচিতি সভা, ব্যবসায়ীদের উপস্থিতিতে জমজমাট আয়োজন
মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী ঐক্য ফোরাম তাদের পূর্ণ প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সোমবার (১৮ নভেম্বর) রাত ৮টায় শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কের একটি পার্টি সেন্টারে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্যানেলের পরিচিতি তুলে ধরেন ফোরামের প্রধান ও মৌলভীবাজার এমসিএসের চেয়ারম্যান এবং এমসিসিআইয়ের সাবেক পরিচালক হাসান আহমেদ জাবেদ। পরিচিতি সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সহসভাপতি নিয়ামুল হক তরফদার, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি–পেশার ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্যানেলের প্রতিটি সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
প্যানেলের প্রধান হাসান আহমেদ জাবেদ বলেন, প্রবাসী ও চা শিল্পনির্ভর মৌলভীবাজার জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বারের প্রায় এক যুগ ধরে নির্বাচন হয়নি। এবার নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী সমাজে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তিনি আরও জানান, স্থানীয় ব্যবসায়ীদের ট্যাক্স–ভ্যাট, ব্যাংকিং সুবিধা, ভোক্তা অধিকার এবং বিনিয়োগসহ উপযোগী ব্যবসার পরিবেশ তৈরির বিষয়ে কাজ করা হবে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তা ও প্রবাসী বিনিয়োগকে উৎসাহিত করা হবে।
আসছে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্য মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন। এতে সাধারণ ভোটার ৪৪৩ জন এবং অ্যাসোসিয়েট ভোটার ২২৩ জন অংশ নেবেন।