শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূতকরণে হাইকোর্টে রিট
শরিয়াহভিত্তিক পাঁচটি বেসরকারি ব্যাংককে একীভূত করার সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাধারণ বিনিয়োগকারী শহিদুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন এই রিট আবেদন করেন। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদ সংকটে থাকা পাঁচ ব্যাংককে একীভূত করার প্রস্তাব অনুমোদন করে। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই পাঁচ ব্যাংককে একত্র করে একটি নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রক্রিয়া চলছে। নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হিসেবে ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ এবং ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’ প্রস্তাব করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে জানান, নতুন ব্যাংকটি পাঁচ ব্যাংকের সব সম্পদ ও দায়ভার গ্রহণ করে কার্যক্রম পরিচালনা করবে। নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। সরকারের পক্ষ থেকে ২০ হাজার কোটি টাকা মূলধন দেওয়া হবে। আর বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ার ইস্যু করে ১৫ হাজার কোটি টাকা মূলধনে রূপান্তর করা হবে, যা পরবর্তী সময়ে রেজল্যুশন পরিকল্পনা অনুযায়ী আমানতকারীদের ফেরত দেওয়া হবে।
উল্লেখ্য, বেইল-ইন হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে আমানতকারী বা পাওনাদারের দাবি বা ঋণের একটি অংশ বাতিল করে সেটিকে শেয়ারে রূপান্তর করা হয়।