সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আমদানিতে সরকার অনুমোদন—ব্যয় প্রায় ৪৯০ কোটি টাকা

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আমদানিতে সরকার অনুমোদন—ব্যয় প্রায় ৪৯০ কোটি টাকা

favicon
অনলাইন সংস্করণ
সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আমদানিতে সরকার অনুমোদন—ব্যয় প্রায় ৪৯০ কোটি টাকা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৪ সালের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৪৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পেট্রোবাংলা আন্তর্জাতিক কোটেশন ব্যবস্থা অনুসরণ করে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে স্পট মার্কেটে একটি এলএনজি কার্গো আমদানি করবে। এ বাবদ ব্যয় হবে প্রায় ৪৮৯ কোটি ৮৮ লাখ টাকা, যেখানে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৬৪ মার্কিন ডলার।

সভায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে সার সংরক্ষণের ক্ষমতা বাড়াতে সাতক্ষীরায় ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন নতুন একটি বাফার গুদাম নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। ‘সার সংরক্ষণ ও বিতরণের জন্য ৩৪টি বাফার গুদাম নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের অংশ হিসেবে প্যাকেজ-৫, লট-১ এর অধীনে ৫৫ কোটি ২৫ লাখ টাকায় কাজটি সম্পন্ন করবে মেসার্স এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড। কর্মকর্তারা জানান, এই নতুন গুদাম আঞ্চলিক সংরক্ষণ ক্ষমতা বাড়াবে এবং সার বিতরণ ব্যবস্থাকে আরও কার্যকর করবে।

এছাড়া, ‘দোহাজারী থেকে কক্সবাজার এবং রামু থেকে ঘুমধুম পর্যন্ত একক লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের এসডি-৩ প্যাকেজের অধীনে পরামর্শক সেবায় পরিবর্তন অনুমোদন করা হয়েছে।

দিনের বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন দুটি প্রস্তাবও অনুমোদিত হয়।