বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমখেলা২২ বছরের অপেক্ষার অবসান: মোরসালিনের গোলে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

২২ বছরের অপেক্ষার অবসান: মোরসালিনের গোলে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

favicon
অনলাইন সংস্করণ
২২ বছরের অপেক্ষার অবসান: মোরসালিনের গোলে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের


দীর্ঘ ২২ বছর ধরে ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন যেন ছিল মরীচিকার মতো—হাত বাড়ালেই সরে যেত। অবশেষে সেই মরীচিকাই বাস্তবে রূপ দিলেন হামজা চৌধুরী ও শেখ মোরসালিন। ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ১–০ গোলের দারুণ জয় তুলে নিয়ে ইতিহাসের নতুন অধ্যায় লিখেছে বাংলাদেশ।


ম্যাচের ১১ মিনিটেই জাতীয় স্টেডিয়ামের ২৩ হাজারেরও বেশি দর্শককে উল্লাসে মাতিয়ে দেন মোরসালিন। রাকিব হোসেনের দুর্দান্ত পাস থেকে ঠাণ্ডা মাথায় ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান তিনি। এটি তার ক্যারিয়ারের সপ্তম গোল।


গোলের পর বাংলাদেশের খেলোয়াড়রা আরও কয়েকটি আক্রমণ তৈরি করলেও এগুলো থেকে গোলের দেখা মিলেনি। বিপরীতে ৩১ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় ভারত। গোলরক্ষক মিতুল মারমার ভুলে বল পেয়ে শট নিয়েছিল তারা; তবে গোললাইন থেকে অবিশ্বাস্যভাবে ক্লিয়ার করেন হামজা। ম্যাচজুড়ে তিনি ছিলেন রক্ষণ ও আক্রমণ—দুই জায়গাতেই অনবদ্য।


৪২ মিনিটে বাড়তি লিড নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু হামজার ভলি অল্পের জন্য বাইরে দিয়ে যায়। প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের ১–০ ব্যবধানে এগিয়ে থাকার মধ্য দিয়ে।


দ্বিতীয়ার্ধে ভারত মরিয়া হয়ে খেলতে শুরু করে। শুরুতেই দুইবার সমতার সুযোগ পেলেও পোস্টের অদূর দিয়ে বল বাইরে যায়। ৭০ মিনিটে সানানের বিপজ্জনক শট দারুণ সেভে প্রতিহত করেন মিতুল। যোগ করা সময়েও গোলরক্ষকের অসাধারণ সেভে রক্ষা পায় বাংলাদেশ।


শেষ মুহূর্তে বাংলাদেশের আরও একটি গোলের সুযোগ এলেও তা কাজে লাগেনি। তবে তাতে ফল বদলায়নি—দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০০৩ সালের পর আবারও ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল।


ম্যাচশেষে কোচ-খেলোয়াড়দের উচ্ছ্বাস, উল্লাস আর গ্যালারির গর্জন প্রমাণ করেছে—এ জয় শুধু একটি ম্যাচের জয় নয়, বরং ২২ বছরের অপেক্ষার মুক্তি।