বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমরাজনীতি‘ঐক্য নষ্ট হলে লাভ হবে পালাতক স্বৈরাচারের’ : মন্তব্য বিএনপির ডা. জাহিদ হোসেনের

‘ঐক্য নষ্ট হলে লাভ হবে পালাতক স্বৈরাচারের’ : মন্তব্য বিএনপির ডা. জাহিদ হোসেনের

favicon
অনলাইন সংস্করণ
‘ঐক্য নষ্ট হলে লাভ হবে পালাতক স্বৈরাচারের’ : মন্তব্য বিএনপির ডা. জাহিদ হোসেনের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেছেন, ৫ আগস্টের পর পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল, এখন যদি সেই ঐক্যে ভাঙন দেখা দেয়, তাহলে এর লাভবান হবে শুধু পতিত ও পলায়নকৃত স্বৈরাচার এবং তার সহযোগীরা। শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল—ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, দেশে আগুন–সন্ত্রাসের যে ইতিহাস রয়েছে, অনেকের স্মৃতিতে তা এখনো তাজা। শেরাটন হোটেলের সামনে দোতলা বিআরটিসি বাসে গানপাউডার ব্যবহার করে ১১ জনকে পুড়িয়ে হত্যা এবং ১৭৪ দিনের হরতালের মতো কর্মকাণ্ড আওয়ামী লীগ করেছে। এখন আবার বিচারের রায়কে কেন্দ্র করে তারাই বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্য বজায় রাখার ওপর জোর দেন তিনি।


ডা. জাহিদ বলেন, বিভাজন সৃষ্টি হলে স্বৈরাচারী শক্তিগুলো সুযোগ নেবে। তাই সবাইকে একে অপরের ওপর নজর রাখতে হবে—কে কী করছে, কী আচরণ করছে—সেটি বোঝা জরুরি।


সারা দেশে অনুভূত হওয়া ভূমিকম্প নিয়ে তিনি বলেন, সরকারের জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিশেষ করে পুরনো ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন এবং নির্মাণ–পরিকল্পনা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে দ্রুত উদ্যোগ নিতে হবে। তিনি তুরস্ক, ইরান ও আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পের উদাহরণ দিয়ে বলেন, বাংলাদেশ বড় ঝুঁকির মধ্যে রয়েছে। এখন উদ্যোগ না নিলে ভবিষ্যতে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়তে পারে।


জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ব্রাজিলে আন্তর্জাতিক সম্মেলন চলছে, সেখানে উন্নত দেশগুলো পর্যাপ্ত দায়িত্ব পালন করছে না। এর ফলে বাংলাদেশে দীর্ঘ শীত, তীব্র গরম, এবং নিম্নাঞ্চলে পানি জমে থাকার মতো প্রভাব দেখা দিচ্ছে। ২০ থেকে ৫০ বছর আগের তুলনায় এখন ভূরাজনৈতিক ও জলবায়ু পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে।


তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী–জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেই কৃষি উন্নয়ন, পোশাক শিল্পের বিস্তার এবং প্রবাসী আয়ে দেশের অর্থনীতি শক্তিশালী হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিম, উত্তর শাখার আহ্বায়ক আমির হোসেন আমির, সদস্যসচিব বাকি বিল্লাহ, দক্ষিণ শাখার সদস্যসচিব কে এম সোহেল রানা, আহ্বায়ক শাহ আলমসহ আরও অনেকে।