খেলাপি ঋণ ৬.৪৪ লাখ কোটি টাকা, মোট বিতরণকৃত ঋণের এক-তৃতীয়াংশের বেশি
বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩৫.৭৩ শতাংশ। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। একই সময় পর্যন্ত মোট ঋণ বিতরণ হয়েছে ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এক বছর তিন মাস আগে— ২০২৪ সালের ৩০ জুন— খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯২ কোটি টাকা, যা মোট ঋণের ১২.৫৬ শতাংশ। তখন মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৬ লাখ ৮৩ হাজার ৩৯৬ কোটি।
তুলনামূলক হিসাবে দেখা যায়, গত এক বছর তিন মাসে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েছে ১৫ লাখ ৯২ হাজার ৪৪৬ কোটি টাকা, যা খাতটির সামগ্রিক চাপ ও ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।