টি–টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচ কলকাতায়, ইতিবাচক দেখছেন লিটন দাস
আইসিসি গতকাল ঘোষণা করেছে টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য আসরে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ তাদের চারটি ম্যাচের মধ্যে তিনটিই খেলবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনসে।
একই ভেন্যুতে টানা তিন ম্যাচ পাওয়া বাংলাদেশ দলের জন্য সুবিধাজনক বলে মনে করেন অধিনায়ক লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“টি–টোয়েন্টিতে সব দলই শক্তিশালী। তবে কলকাতায় ব্যাক-টু-ব্যাক তিনটা ম্যাচ পাওয়া আমাদের জন্য প্লাস পয়েন্ট হতে পারে। আমরা চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার।”
‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দুই বিশ্বকাপজয়ী দল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পাশাপাশি রয়েছে নেপাল এবং প্রথমবারের মতো আইসিসির বড় টুর্নামেন্টে জায়গা পাওয়া ইতালি। ইডেন গার্ডেনসে বাংলাদেশের প্রথম তিন ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজই বাংলাদেশের শেষ প্রস্তুতি। উন্নতির জায়গা নিয়ে লিটন বলেন,
“আমাদের তিন বিভাগেই উন্নতির সুযোগ আছে। বিশেষ করে ফিল্ডিং ভালো করতে পারলে সেটা বড় সুবিধা দেবে।”