কলকাতার ছবির অগ্রিম নিয়ে বিতর্কে তানজিন তিশা,পরিচালকের পাল্টা দাবি
ক’দিন ধরেই অভিনেত্রী ও মডেল তানজিন তিশাকে ঘিরে দেশীয় বিনোদন অঙ্গনে চলছে তীব্র বিতর্ক। অভিযোগ, কলকাতার একটি ছবির জন্য অগ্রিম ৪ লাখ ৫০ হাজার টাকা নেওয়ার পরও তিনি শুটিং না করে যুক্তরাষ্ট্রে চলে গেছেন।
প্রথম এই অভিযোগ তোলেন শরীফ খান নামের এক ব্যক্তি, যিনি নিজেকে ছবির প্রযোজক হিসেবে পরিচয় দেন। তার দাবি, ‘ভালোবাসার মরশুম’ নামের ছবিতে কাজ করার জন্য তিশা অগ্রিম নিয়েছেন, কিন্তু টাকা ফেরত দিচ্ছেন না।
তবে তিশা অভিযোগ অস্বীকার করে বলেন, শরীফ খান ছবিটির প্রকৃত প্রযোজক নন।
এবার মুখ খুলেছেন ছবির পরিচালক এমএন রাজ। ভারতীয় এক গণমাধ্যমে তিনি জানান, “তিশা ভুল তথ্য দিচ্ছেন। তাকে টাকা দেওয়া হয়েছে, কাজ না করায় তাকে অবশ্যই সেটা ফেরত দিতে হবে।” তাঁর দাবি, তিশাকে কেন্দ্র করে শুটিং শিডিউল পর্যন্ত বদলাতে হয়েছে, এমনকি বলিউড অভিনেতা শারমান যোশির সময়ও পুনর্নির্ধারণ করতে হয়েছে।
পরিচালক বলেন, নির্ধারিত সময়ে তিশাকে কলকাতার অ্যাম্বাসিতে গিয়ে পাসপোর্ট জমা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি দেরিতে গিয়ে অপমানসূচক আচরণ করেন। ভিসা সংক্রান্ত টেকনিক্যাল সমস্যা থাকলেও তিশা নিজে কোনো উদ্যোগী ভূমিকা নেননি বলে অভিযোগ করেন তিনি।
তবে পাল্টা বিবৃতিতে তিশা তার ফেসবুক পেজে জানান, পুরো ঘটনাটি তার বিরুদ্ধে অপপ্রচার। তিনি দাবি করেন, উল্টো তিনিই দুই মাস অপেক্ষা করেছেন; পরিচালক প্রস্তুত না থাকায় শুটিং শুরু হয়নি, ফলে তিনি নিজ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
পরিচালক এমএন রাজ আরও বলেছেন, নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষার পর বাধ্য হয়ে তারা নতুন নায়িকা নিতে বাধ্য হন। তাঁর মতে, তিশার সাম্প্রতিক বিবৃতিগুলো বাস্তবতার সঙ্গে মিলছে না।
বিতর্কে তিশা ও নির্মাতা—দুই পক্ষের বক্তব্য ভিন্ন হওয়ায় বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে দেশের শোবিজ অঙ্গনে।