জানুয়ারির শুরুতেই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই: গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাবে। তিনি বলেন, ইতোমধ্যে জেলা পর্যায়ে অধিকাংশ বই পাঠানো হয়েছে, ফলে নির্ধারিত সময়েই শিক্ষার্থীরা সম্পূর্ণ বই পাবে।
শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, যেসব প্রাথমিক বিদ্যালয় আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নই এখন আমাদের মূল লক্ষ্য। আগে বিভিন্ন খাতে উন্নয়ন হলেও প্রাথমিক শিক্ষার মৌলিক উদ্দেশ্যকে কেন্দ্রীয়ভাবে গুরুত্ব দেওয়া হয়নি; এবার সেটিকেই কেন্দ্র করে সব পরিকল্পনা সাজানো হচ্ছে।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের ভাষাগত স্বাক্ষরতা নিশ্চিত করা—অর্থাৎ মাতৃভাষায় সাবলীলভাবে পড়া, বোঝা এবং লেখা—এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি প্রাথমিক গণিতের মৌলিক নিয়ম (যোগ, বিয়োগ, গুণ, ভাগ) বুঝে সমস্যা সমাধানে প্রয়োগ করতে পারাটাও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির প্রাথমিক পরিচিতিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষকদের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দেওয়া হয়েছে এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিশ্চিত করার জন্যও প্রচেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন যে, এ ক্ষেত্রেও অগ্রগতি আসবে।