আদালত অবমাননা: ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
শেখ হাসিনার রায়কে ঘিরে আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানকে আগামী ৮ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৩০ নভেম্বর) শুনানি শেষে ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করে।
শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, আদালত রাষ্ট্রের একটি অংশ; ফলে ফজলুর রহমানের বক্তব্য ‘রাষ্ট্রদ্রোহিতার সামিল’ হতে পারে। এসময় ট্রাইব্যুনাল প্রসিকিউশনের কাছে জানতে চান, ফজলুর রহমানের আইনজীবী হিসেবে কাজ করার জন্য কোনো লাইসেন্স রয়েছে কি না।
এর আগে, গত বুধবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, একটি টকশোতে ফজলুর রহমান দাবি করেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠনপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ, এবং এই আদালতে বিচার হতে পারে না বলে মন্তব্য করেন। তিনি আরও ইঙ্গিত করেন, আদালতের সদস্যদের ভিতরে ‘বিশেষ কোনো উদ্দেশ্য’ থাকতে পারে।