রোহিত–কোহলি ছাড়া ২০২৭ বিশ্বকাপ ভাবাই যায় না: শ্রীকান্ত
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলির জায়গা হবে কি না—এ নিয়ে চলমান আলোচনা আরও জোরালো হয়েছে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোহিত খেলেছেন দারুণ একটি ফিফটি, আর কোহলি করেছেন সেঞ্চুরি।
এমন অসাধারণ পারফরম্যান্সের পর ভারতের সাবেক নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত জানান, রোহিত-কোহলির বিশ্বকাপ দলে থাকা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না।
তিনি বলেন, “২০২৭ বিশ্বকাপের জায়গা তারা নিশ্চিত করে ফেলেছে। ব্যাটিং অর্ডারে এক ও তিন নম্বরেই তারা খেলবে। তাদের ছাড়া আমরা জিততে পারব না।”
শ্রীকান্ত আরও যোগ করেন, রোহিত-কোহলিকে বাদ দিয়ে কোনো বিশ্বকাপ পরিকল্পনাই কার্যকর হবে না।
“তারা অন্য লেভেলের ব্যাটিং করছে। রোহিত ও কোহলি দুজনকেই দলে প্রয়োজন—এ নিয়ে আর কোনো প্রশ্ন নয়।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ১৩৬ রানের জুটি ভাঙে ২১.২ ওভারে, তখন ভারতের সংগ্রহ ছিল ১৬১। কোহলি খেলেন ১৩৫ রানের দুর্দান্ত সেঞ্চুরি, রোহিত করেন ৫৭।
এ জুটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করেন শ্রীকান্ত—
“রোহিত-কোহলি যদি একসঙ্গে ২০ ওভার ব্যাটিং করে, প্রতিপক্ষের জয়ের আশা শেষ। গতকালও তাই হয়েছে। দক্ষিণ আফ্রিকা ভালো লড়াই করলেও এই জুটি ম্যাচটাকে তাদের নাগালের বাইরে নিয়ে গেছে।”