১৮ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৬ হাজার ৩২৮ কোটি টাকা
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে মোট ১৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে ১৩টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থায়ন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ১০১ কোটি ১০ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।
সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদন দেওয়া হয়। সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে রয়েছে মিরপুর ৯ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বা কর্মক্ষমতা হারানো জুলাইযোদ্ধা পরিবারের জন্য ১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ এবং ‘৩৬ জুলাই’ শহীদ পরিবারের জন্য আবাসিক ফ্ল্যাট প্রকল্প।
কৃষি মন্ত্রণালয়ের অধীন দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে—চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প এবং মানসম্পন্ন বীজ আলু উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ জোরদারকরণ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত সংস্করণ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে তিনটি অনুসন্ধান কূপ খনন এবং সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।
বাংলাদেশ সচিবালয় ও সংশ্লিষ্ট আবাসিক এলাকায় অগ্নিনিরাপত্তা আধুনিকায়ন প্রকল্প এবং সচিবালয়ে নতুন ২১ তলা অফিস ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সেতু মন্ত্রণালয়ের আওতায় ঢাকা এমআরটি লাইন-৬ এর তৃতীয় সংশোধিত উন্নয়ন প্রকল্প এবং সিরাজগঞ্জ-রায়গঞ্জ (চান্দাইকোনা) সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পও অনুমোদন পেয়েছে।
স্থানীয় সরকার বিভাগের নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং অর্থ মন্ত্রণালয়ের জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রকল্পও একনেকের সম্মতি পেয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধন এবং শিক্ষা মন্ত্রণালয়ের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ও কেন্দ্রীয় গবেষণাগারসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সমাপ্তির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প—ক্লাইমেট রেসপন্স রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড পপুলেশন সার্ভিস ইম্প্রুভমেন্ট প্রকল্প এবং স্বাস্থ্য অধিদফতর, ঔষধ প্রশাসন অধিদফতর ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের অত্যাবশ্যক কার্যক্রম বাস্তবায়ন প্রকল্প—সভায় অনুমোদন পেয়েছে।