বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমখেলাবেতন বকেয়া থাকায় শেফিল্ড ওয়েন্সডের আরও ৬ পয়েন্ট কাটা, নেমে গেল ঋণাত্মকে

বেতন বকেয়া থাকায় শেফিল্ড ওয়েন্সডের আরও ৬ পয়েন্ট কাটা, নেমে গেল ঋণাত্মকে

favicon
অনলাইন সংস্করণ
বেতন বকেয়া থাকায় শেফিল্ড ওয়েন্সডের আরও ৬ পয়েন্ট কাটা, নেমে গেল ঋণাত্মকে

দুঃসময় যেন কিছুতেই কাটছে না শেফিল্ড ওয়েন্সডের। খেলোয়াড় ও স্টাফদের বকেয়া বেতন পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) আবারও কঠোর ব্যবস্থা নিয়েছে। নতুন শাস্তি হিসেবে ক্লাবটির আরও ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।


এতে চলতি চ্যাম্পিয়নশিপে তলানিতে থাকা শেফিল্ড ওয়েন্সডের পয়েন্ট এখন ঋণাত্মক পর্যায়ে নেমে এসেছে—মোট পয়েন্ট দাঁড়িয়েছে -১০। নিরাপদ অবস্থান থেকে তাদের পিছিয়ে পড়ার ব্যবধান এখন ২৭ পয়েন্ট, ফলে অবনমন প্রায় নিশ্চিত বলে মনে করছেন অনেকেই।


বিবিসি রেডিও শেফিল্ডের তথ্য অনুযায়ী, গত মার্চ, মে ও জুন মাসে খেলোয়াড় ও স্টাফদের বেতন পরিশোধ না করায় ইএফএল এই শাস্তি দেয়। এর আগে ২০২৪ সালের অক্টোবরে আর্থিক নিয়ম লঙ্ঘনের কারণে ক্লাবটির ১২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল।


শাস্তি শুধু ক্লাবের মধ্যেই সীমাবদ্ধ নয়। ক্লাবটির সাবেক মালিক দেইফন চানসিরিকও নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। থাই এই ব্যবসায়ী আগামী তিন বছর কোনো ফুটবল ক্লাবের মালিকানা বা পরিচালনায় যুক্ত হতে পারবেন না।


মাঠের পারফরম্যান্সও ক্লাবের দুরবস্থাকে স্পষ্ট করছে। চলতি মৌসুমে ১৮ ম্যাচে শেফিল্ড ওয়েন্সডের জয় মাত্র একটিতে, সঙ্গে পাঁচ ড্র—মোট পয়েন্ট মাত্র ৮। তবে বিভিন্ন শাস্তিমূলক সিদ্ধান্তে কাটা গেছে মোট ১৮ পয়েন্ট, ফলে অবনমন প্রায় নিশ্চিত হয়ে পড়েছে ক্লাবটির জন্য।


অন্যদিকে একই লিগে ১৮ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে লেস্টার সিটি।