ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান
আদালত অবমাননার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন বিএনপি নেতা ফজলুর রহমান। আগামী সোমবার (৮ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
গত ২৬ নভেম্বর একটি টকশোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কেন্দ্র করে বিরূপ মন্তব্যের কারণে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এরপর গত ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল তাকে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়।
অভিযোগে উল্লেখ করা হয়, টকশোতে তিনি বলেন, “এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হতে পারে না। যারা বিচার করছেন, তাদের ভেতরে অন্য কথা থাকতে পারে।”