ডিসিদের দায়িত্ব নিয়ে উদ্বেগ, জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট
তেরোতম জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে রিট করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম হাইকোর্টে এ রিট আবেদন দায়ের করেন।
রিটে বলা হয়েছে, নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ আইনবিরোধী। পাশাপাশি নির্বাচন কমিশন সার্ভিস (ইলেক্টোরাল সার্ভিস কমিশন) গঠনে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।
আগামী সপ্তাহে বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।
অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম জানান, সরকার ও নির্বাচন কমিশন ডিসিদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠক করেছেন এবং তাদের ওপর দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তার দাবি, ডিসিদের আবারও নির্বাচনে দায়িত্ব দিলে নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা বাড়বে।