কর্মবিরতি প্রত্যাহারে নির্দেশ, না মানলে কঠোর ব্যবস্থা: প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি অবিলম্বে প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশনা অমান্য করে শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত হলে চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৩ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি এবং ৩ ডিসেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি দিয়েছে—এ বিষয়ে মন্ত্রণালয় অবগত।
দাবিনামা প্রসঙ্গে জানানো হয়, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম থেকে ১১তম গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর চাকরির পর উচ্চতর গ্রেড প্রদানে জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির বিষয় নিয়ে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও বেতন কমিশনের সভাপতির সঙ্গেও ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে। গত ৭ আগস্ট এ বিষয়ে জাতীয় বেতন কমিশনকে অনুরোধ জানিয়েও চিঠি দেওয়া হয়েছিল।
মন্ত্রণালয় জানিয়েছে, এসব পদক্ষেপ নেওয়ার পরও সহকারী শিক্ষকদের কিছু সংগঠন বাৎসরিক পরীক্ষা গ্রহণে বাধা সৃষ্টি করছে, এমনকি কোথাও কোথাও পরীক্ষা নিতে আগ্রহী শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনাও ঘটেছে। কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলে এ ধরনের কর্মসূচি সরকারি চাকরি আইন ও আচরণ বিধিমালার পরিপন্থী।
সর্বশেষ নির্দেশনায় মন্ত্রণালয় বলেছে, সবাইকে দ্রুত কাজে যোগ দিয়ে তৃতীয় প্রান্তিকের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।