বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › জুয়ার ওয়েবসাইটে জড়িয়ে ভুল বোঝাবুঝির শিকার: প্রভার ভিডিওবার্তায় খোলামেলা ব্যাখ্যা

জুয়ার ওয়েবসাইটে জড়িয়ে ভুল বোঝাবুঝির শিকার: প্রভার ভিডিওবার্তায় খোলামেলা ব্যাখ্যা

favicon
অনলাইন সংস্করণ
জুয়ার ওয়েবসাইটে জড়িয়ে ভুল বোঝাবুঝির শিকার: প্রভার ভিডিওবার্তায় খোলামেলা ব্যাখ্যা

অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা তার বিরুদ্ধে জুয়ার ওয়েবসাইটে জড়িত থাকার অভিযোগ নিয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি ছিল সম্পূর্ণ ভুল বোঝাবুঝি এবং ভুল তথ্যের কারণে দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও নানা সমস্যায় পড়তে হচ্ছে তাকে। সোমবার (২ ডিসেম্বর) নিজের ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।


প্রভা জানান, গত রমজানে একটি প্রতিষ্ঠান তার সঙ্গে যোগাযোগ করে। তারা প্রথমে পরিষ্কারভাবে কিছু জানায়নি এবং নিজেদেরকে গেমিং ওয়েবসাইট হিসেবে পরিচয় দেয়। প্রভা বলেন, তিনি গেম বা গেমিং সাইট সম্পর্কে জানেন না এবং প্রতিষ্ঠানটি তাকে শুধু টি-২০ ম্যাচ বা বিভিন্ন গেম দেখানো হয়—এমনটাই জানায়।


তিনি বলেন, চুক্তি সই করতে গেলে প্রতিষ্ঠানটি তাকে একটি ছোট ভিডিও বাইট দিতে বলে। চুক্তির অংশ হিসেবে তিনি একটি টোকেন মানি গ্রহণ করেন এবং তাদের বলে দেওয়া ছোট্ট একটি বাইট রেকর্ড করেন। কিন্তু পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারেন, এটি আসলে একটি বেটিং বা জুয়ার ওয়েবসাইট—যা আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ।


বিষয়টি জানার পরই প্রভা কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন এবং প্রশ্ন তুললে তাদের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। প্রভা জানান, তিনি বারবার জিজ্ঞেস করলেও প্রতিষ্ঠানটি কখনো স্পষ্টভাবে জানায়নি যে এটি জুয়ার ওয়েবসাইট।


প্রভা ভিডিও বার্তায় বলেন, তিনি কোনোভাবেই জুয়া বা বেটিং সাইটের প্রমোশন করেননি। তিনি কেবল একটি বাইট দিয়েছিলেন, যার লিপসিং পরবর্তীতে অন্য ওয়েবসাইটের সঙ্গে মিলিয়ে প্রচার করা হয়। তিনি জানান, এ ধরনের অবৈধ কাজের সঙ্গে নিজেকে যুক্ত দেখানোয় তিনি আতঙ্কিত।


তিনি বলেন, দর্শকদের মন্তব্যের মাধ্যমেই তিনি সত্য জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে কাজটি স্থগিত করেন। প্রভা আরও জানান, এ বিষয়ে তিনি আরটি সিকিউরিটির সঙ্গেও যোগাযোগ করেছেন এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেবেন।


তার ভাষায়, “আমি কখনো কোনো জুয়ার প্রমোশন করিনি, করবোও না। ধন্যবাদ, আপনারা আমাকে বিষয়টি জানিয়ে দিয়েছেন, না হলে বড় ক্ষতি হয়ে যেত।”


শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, সঠিক তথ্য প্রচার করার জন্য।