বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণে নেটফ্লিক্স; হলিউডে বড় পরিবর্তনের আভাস

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণে নেটফ্লিক্স; হলিউডে বড় পরিবর্তনের আভাস

favicon
অনলাইন সংস্করণ
৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণে নেটফ্লিক্স; হলিউডে বড় পরিবর্তনের আভাস

হলিউডে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নেটফ্লিক্স। ৭২ বিলিয়ন ডলারের চুক্তিতে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির ফিল্ম ও স্ট্রিমিং ব্যবসা কিনতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি। কমকাস্ট ও প্যারামাউন্টকে পেছনে ফেলেই চুক্তিটি পায় নেটফ্লিক্স। ওয়ার্নার ব্রাদার্স হ্যারি পটার, গেম অব থ্রোনসসহ বিশ্বব্যাপী জনপ্রিয় বহু ফ্র্যাঞ্চাইজি এবং এইচবিও ম্যাক্সের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মের মালিক।


চুক্তিটি বাস্তবায়িত হলে বিশ্ব বিনোদনশিল্পে গড়ে উঠবে আরও শক্তিশালী এক প্রতিষ্ঠান। তবে অধিগ্রহণ কার্যকর করতে হলে প্রতিযোগিতা কমিশনের অনুমোদন প্রয়োজন। ইতোমধ্যে রাইটার্স গিল্ড অফ আমেরিকা (WGA) সহ বিভিন্ন সংগঠন চুক্তির সমালোচনা করে বলেছে— এতে কর্মসংস্থান কমবে, কর্মীদের পরিস্থিতি অবনতি ঘটবে এবং দর্শকদের জন্য খরচ বাড়বে ও কনটেন্ট কমে যাবে।


নেটফ্লিক্সের সহ–প্রধান নির্বাহী টেড সারানদোস জানান, তারা অনুমোদন পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী। তার মতে, ওয়ার্নার ব্রাদার্সের বিশাল সিনেমা ও সিরিজ লাইব্রেরি নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত হলে দর্শকরা আরও উন্নত অভিজ্ঞতা পাবেন। নেটফ্লিক্স আশা করছে, ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে ‘ওভারল্যাপ’ কমিয়ে বছরে ২–৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব হবে।


চুক্তি অনুযায়ী, ওয়ার্নার ব্রাদার্সের সিনেমাগুলো আগের মতোই হলেই মুক্তি পাবে এবং তাদের টিভি স্টুডিও অন্য প্রতিষ্ঠানের জন্যও কাজ চালিয়ে যেতে পারবে। নেটফ্লিক্স শুধুমাত্র নিজস্ব প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট তৈরি করবে। নগদ ও শেয়ার মিলিয়ে পুরো চুক্তির মূল্য ৮২.৭ বিলিয়ন ডলার, যার মধ্যে ইক্যুইটি ভ্যালু ৭২ বিলিয়ন ডলার। দুই প্রতিষ্ঠানের বোর্ড ইতোমধ্যে চুক্তি অনুমোদন করেছে।


ওয়ার্নার ব্রাদার্সের প্রধান নির্বাহী ডেভিড জাসলাভ বলেন, বিশ্বমানের দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে— এটিই অধিগ্রহণের সবচেয়ে বড় সাফল্য।


তবে সমালোচকরা মনে করছেন, এই একীভূতকরণ চলচ্চিত্রশিল্পের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ছোট-বড় সব ধরনের সিনেমা হল ক্ষতির মুখে পড়তে পারে, উৎপাদন কমে যেতে পারে এবং ভোক্তাদের খরচ বাড়তে পারে। বিশ্লেষকদের মতে, চুক্তিটি হলে হলিউডের মানচিত্র আমূল বদলে যেতে পারে। শেষ পর্যন্ত এই অধিগ্রহণ শিল্প ও দর্শকদের কীভাবে প্রভাবিত করবে— তা নির্ভর করবে নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

সূত্র: বিবিসি