অবৈধ সম্পদ মামলায় ঠিকাদার মিঠুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ দেন। শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম ও বোরহান উদ্দিন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অন্যদিকে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত মিঠুর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিউমার্কেট থানার এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।