আইপিএল মিনি নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটার, সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ
এবারের আইপিএল মিনি নিলামকে ঘিরে উত্তেজনা চরমে। মোট ১,৩৯০ জন নিবন্ধিত ক্রিকেটারের তালিকা থেকে বাছাই করে ৩৫০ জনের চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার।
বাংলাদেশ থেকে চূড়ান্ত নিলামে রয়েছেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। তবে প্রাথমিক তালিকায় থাকা সত্ত্বেও বাদ পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
এর মধ্যে সবচেয়ে বড় আলোচনার নাম মোস্তাফিজ। নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি শ্রেণিতে রাখা হয়েছে ৪০ জন ক্রিকেটারকে—যাদের একজন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। অন্যদিকে রিশাদ, তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি।
বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে রাখা হয়েছে ৩০ লাখ রুপির ভিত্তিমূল্যে। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এই স্পিনারের আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি; নিয়মিত খেলছেন ইমার্জিং, এইচপি ও বাংলাদেশ ‘এ’ দলে। তাই তার নাম তালিকায় থাকা অনেকের কাছে চমক।
ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে অতিরিক্ত আরও ৩৫ জন ক্রিকেটারকে যুক্ত করা হয়েছে চূড়ান্ত তালিকায়। এতে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, জর্জ লিন্ডে এবং শ্রীলঙ্কার দুনিত ভেল্লালাগের মতো তারকারাও যুক্ত হয়েছেন।
৩৫০ জন ক্রিকেটারের মধ্যে ২৪০ জন ভারতীয় এবং বাকি ১১০ জন বিদেশি। এবারের নিলামে দলগুলো সর্বোচ্চ ৭৭ জনকে দলে ভেড়াতে পারবে, যার মধ্যে বিদেশি কোটা ৩২।
সবচেয়ে বড় নিলাম-পার্স নিয়ে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। ৬৪.৩০ কোটি রুপির বাজেট হাতে নিয়ে দলটিকে ৬ বিদেশিসহ মোট ১৩টি শূন্যস্থান পূরণ করতে হবে।
আবুধাবিতে আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের নিলাম।