জ্বালানি চাহিদা মেটাতে যুক্তরাজ্য থেকে এলএনজি কেনার অনুমোদন দিল সরকার
ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাজ্য থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৪৯তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
পেট্রোবাংলা যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউ ১০.৩৭ মার্কিন ডলার দামে এলএনজি ক্রয় করবে। এ কার্গোর মোট ব্যয় হবে ৪৩৬ কোটি ৭ লাখ টাকা। কর্মকর্তারা জানান, শীত মৌসুমে সর্বোচ্চ জ্বালানি চাহিদা মোকাবিলায় পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাওর এলাকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্পেও অনুমোদন
সভায় ‘হাওর এলাকায় ফ্লাইওভার সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর একটি বড় নির্মাণ প্যাকেজ অনুমোদনের সুপারিশ করা হয়। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ৩৪৭ কোটি ৪৬ লাখ টাকায় প্যাকেজ (সুনা/ধর্মপাশা/সিডব্লিউ-৬)-এর আওতাধীন নির্মাণকাজ সম্পন্ন হবে। যোগ্য দরদাতা হিসেবে এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে নির্বাচন করা হয়েছে।
কর্মকর্তারা জানান, প্রকল্পটি হাওর অঞ্চলের গ্রামীণ যোগাযোগব্যবস্থা ও দুর্যোগ সহনশীলতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।