মেসির সফর ঘিরে সল্টলেক স্টেডিয়ামের বিশৃঙ্খলায় গভীর উদ্বেগ রাজ্যপালের, কড়া নির্দেশ রাজ্য সরকারকে
সল্টলেক স্টেডিয়ামের আশপাশে লিওনেল মেসির সফরকে কেন্দ্র করে সৃষ্ট চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্র জানায়, পরিকল্পনার সম্পূর্ণ অভাব ও ব্যবস্থাপনার মারাত্মক ব্যর্থতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। পুরো ঘটনায় তিনি মর্মাহত ও বিস্মিত বলে মন্তব্য করেছেন।
রাজ্যপালের পর্যবেক্ষণে, এই ঘটনার জন্য মূলত দায়ী অনুষ্ঠান আয়োজক ও বেসরকারি স্পনসররা। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। রাজ্যপালের মতে, পুলিশের নিষ্ক্রিয়তা রাজ্য সরকার এবং স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীকেও ব্যর্থ করেছে। তার ভাষায়, ক্রীড়াপ্রেমী কলকাতাবাসীর কাছে এই দিনটি একটি ‘অন্ধকার দিন’ হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।
এই প্রেক্ষাপটে রাজ্য সরকারকে একাধিক কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এর মধ্যে রয়েছে—অনুষ্ঠান আয়োজক ও স্পনসরদের অবিলম্বে গ্রেফতার, টিকিট কেটে প্রতারিত দর্শকদের টাকা ফেরত দেওয়া এবং স্টেডিয়াম ও অন্যান্য সরকারি সম্পত্তির ক্ষতির জন্য আয়োজকদের ওপর জরিমানা আরোপ। পাশাপাশি গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত এবং দায়িত্বে গাফিলতি করা পুলিশ কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের নির্দেশও দেওয়া হয়েছে।
ভবিষ্যতে বড় জমায়েতের ক্ষেত্রে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) চালুর নির্দেশ দেন রাজ্যপাল। প্রয়োজনে আরএএফ প্রস্তুত রাখা এবং দর্শকদের জন্য বিমা প্রকল্প চালুর কথাও বলা হয়েছে। এই বিমার প্রিমিয়াম আয়োজক ও স্পনসরদেরই বহন করতে হবে।
রাজ্যপাল অভিযোগ করেন, মেসির নাম ব্যবহার করে কিছু বেসরকারি স্পনসর সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে দ্রুত মুনাফা লুটেছে। এই ঘটনা রাজ্যের প্রশাসনিক ও সাংগঠনিক দুর্বলতাকে স্পষ্টভাবে সামনে এনেছে। এমনকি বিশেষ স্বার্থান্বেষী মহলকে সহায়তা করতে পুলিশকে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। তার মতে, করদাতাদের টাকায় নির্মিত রাস্তা অবরুদ্ধ করে রাখা বাংলার ফুটবল সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ বেমানান।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজভবনে বিপুল অভিযোগ আসার পর রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়। টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের মেসিকে দেখার সুযোগ না পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল। তিনি বলেন, কেবল উচ্চমূল্যের টিকিট কেনা সীমিতসংখ্যক মানুষই মেসিকে দেখার সুযোগ পেয়েছেন। ভিড় নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জের ঘটনাও সামনে এসেছে, যা আন্তর্জাতিক তারকার সফরের ক্ষেত্রে একেবারেই অনভিপ্রেত বলে মন্তব্য করেন তিনি।