বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › খেলা › মেসির সফর ঘিরে সল্টলেক স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষমা চাইলেন মমতা, তদন্ত কমিটি গঠন

মেসির সফর ঘিরে সল্টলেক স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষমা চাইলেন মমতা, তদন্ত কমিটি গঠন

favicon
ভোরের আলো ডেস্ক:
মেসির সফর ঘিরে সল্টলেক স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষমা চাইলেন মমতা, তদন্ত কমিটি গঠন

তিন দিনের সফরে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি ভারতে এসেছেন। সফরের প্রথম দিনেই তিনি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে দর্শকদের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নেন। তবে এই আয়োজনকে কেন্দ্র করে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত দর্শকরা।


সল্টলেক স্টেডিয়ামে মেসির উপস্থিতি ঘিরে সৃষ্ট পরিস্থিতির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেসিকে দেখতে গিয়ে ভোগান্তিতে পড়া দর্শকদের কাছে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং পুরো ঘটনায় বিস্ময় প্রকাশ করেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে তিনি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত। তিনি আরও উল্লেখ করেন, হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের মতো তিনিও লিওনেল মেসিকে এক ঝলক দেখার উদ্দেশ্যে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন।


পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য তিনি লিওনেল মেসিসহ সব ক্রীড়াপ্রেমী ও তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।


এদিকে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অব্যবস্থাপনার পেছনে কারা দায়ী এবং কীভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হলো, তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।