বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকের ৩ দিনের রিমান্ড

শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকের ৩ দিনের রিমান্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকের ৩ দিনের রিমান্ড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।


এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পল্টন থানার উপপরিদর্শক সামিম হাসান প্রথমে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে চারটি কারণ উল্লেখ করে সাত দিনের রিমান্ড চাওয়া হলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


মামলার তথ্যমতে, গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৪ মিনিটে পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন।


ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ব্যাটারিচালিত অটোরিকশায় চলার সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।


সিসিটিভি ফুটেজের সূত্র ধরে র‍্যাব-২ হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা-মেট্রো-ল-৫৪-৬৩৭৫) শনাক্ত করে। পরে বিআরটিএর তথ্য যাচাই করে মোটরসাইকেলটির মালিক হিসেবে মো. আব্দুল হান্নানকে চিহ্নিত করা হয়।