শরীফ ওসমান হাদির ওপর হামলা: আসামিকে গ্রেপ্তারের দাবি, কঠোর হুঁশিয়ারি ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমার
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, হামলায় জড়িতদের যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ফাতিমা তাসনিম জুমা আরও বলেন, শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন তারা। তবে তিনি সুস্থ হয়ে ফিরে না এলেও আন্দোলন ও সংগ্রাম থেকে তারা একচুলও সরে আসবেন না বলে জানান।
তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদসহ দেশের ভেতর ও বাইরে যেকোনো ধরনের আধিপত্যবাদ, ফ্যাসিবাদ এবং আওয়ামী রাজনীতির বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। এই সংগ্রাম ভবিষ্যতেও চলবে বলে তিনি মন্তব্য করেন।