ওসমান হাদির ওপর হামলা নিয়ে সিইসির মন্তব্যে ক্ষোভ, ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের দেওয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সারা দেশের মানুষ যেখানে এই হামলার ঘটনায় ব্যথিত, সেখানে সিইসির এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি সিইসিকে তার অবস্থান ও বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার দাবি জানান।
সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “একজন বিপ্লবী আহত হওয়ার পর সরকার নড়েচড়ে বসবে—এমন সরকার আমরা চাই না।” ওসমান হাদির ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করা না যাওয়ায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দীর্ঘদিন জাতি ভুল পথে পরিচালিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের ঐক্যকে ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের কথা বলেন তিনি।
উল্লেখ্য, সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। তিনি বলেন, “মাঝেমধ্যে দু-একটি খুনখারাবি হয়। হাদির ওপর হামলার ঘটনাও আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখি। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন নয়। বরং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।”
সিইসির এই বক্তব্যকে কেন্দ্র করেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।