বিতর্কিত কিটক্যাট চকলেটের একটি লট বাজার থেকে অপসারণের নির্দেশ
বিতর্কিত নেসলে কিটক্যাট চকলেটের একটি লট আগামী ২০২৬ সালের ২১ জানুয়ারির মধ্যে বাজার থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ ডিসেম্বর) খাদ্য আদালতের জারি করা আদেশে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়।
বাদী পক্ষের দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নেসলে বাংলাদেশের কিটক্যাট চকলেটের ওই লট বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান আবেদনে উল্লেখ করেন, নেসলে বাংলাদেশের কিটক্যাট চকলেটটি অনিবন্ধিত, অননুমোদিত এবং নিম্নমানের পণ্য। তিনি দাবি করেন, এটি অনিরাপদ ও ভেজাল এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।
আবেদনে আরও বলা হয়, দেশের জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা, ভেজাল ও অনিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা ফেরাতে আদালতের কাছে কিটক্যাট চকলেট বাজার থেকে প্রত্যাহার ও ধ্বংসের নির্দেশ চাওয়া হয়েছে। পাশাপাশি বিএসটিআইয়ের লাইসেন্স ও প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়া পর্যন্ত বাংলাদেশে নেসলে কিটক্যাট চকলেটের আমদানি, বিপণন ও বিক্রয় সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানানো হয়।