বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতিএকাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের

favicon
ভোরের আলো ডেস্ক:
একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যের আহ্বান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের জনগণ ও তরুণ সমাজ একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। তিনি বলেন, দেশের মানুষ আজ ঐক্য ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়েছে।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


নাহিদ ইসলাম বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ এবং ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত এ জনপদের মানুষের যে ঐতিহাসিক সংগ্রাম, তা ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চায় এনসিপি। তিনি অভিযোগ করেন, কিছু পতিত ও ফ্যাসিস্ট শক্তি দেশকে অস্থিতিশীল করতে এবং আসন্ন নির্বাচন বানচাল করতে অপচেষ্টা চালাচ্ছে। অথচ দেশের মানুষ এখন চায় স্থিতিশীলতা ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি।


তিনি আরও বলেন, ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় এখনো জড়িতদের গ্রেপ্তার করতে না পারা সরকারের ব্যর্থতার পরিচয়। এমন পরিস্থিতিতে জনগণকেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, ৫ আগস্টের পর দেশ যখন অনিশ্চয়তার মধ্যে ছিল, তখন জনগণই নিজেদের নিরাপত্তা নিজেরা রক্ষা করেছিল। বাংলাদেশ যেন আবার সেই পরিস্থিতির দিকে না যায়, সে বিষয়ে সতর্ক করেন তিনি।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন কার্যত একটি গণভোটে পরিণত হবে। সংস্কারের পক্ষে ব্যাপক গণজোয়ার তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, এনসিপির প্রার্থীরা শাপলা কলি প্রতীক নিয়ে জনগণের দ্বারে দ্বারে গিয়ে সংস্কারের পক্ষে সমর্থন চাইবেন।


নাহিদ ইসলাম বলেন, এনসিপি সংস্কারের পথেই বাংলাদেশকে এগিয়ে নিতে চায় এবং দেশকে আর কখনোই ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে দেবে না।