জুলাই–আগস্ট আন্দোলনে কারফিউ ও হত্যার উসকানি: সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
জুলাই–আগস্টের আন্দোলন দমনে কারফিউ জারি করে ছাত্র-জনতাকে হত্যায় উসকানিসহ পাঁচটি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ এ শুনানি হবে।
অভিযোগে বলা হয়েছে, কারফিউ জারি করে আন্দোলনকারীদের দমন ও হত্যার নির্দেশনা, গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে হত্যায় উসকানি, এবং ২৮৬টি মামলায় প্রায় সাড়ে চার লাখ ছাত্র-জনতাকে আসামি করার মতো গুরুতর বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত রয়েছে। শুনানিতে প্রসিকিউশন এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরবেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করবেন।
এর আগে আসামিপক্ষ বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেছে। আজ এ বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আসতে পারে।
একই দিনে ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের মামলার শুনানিও হওয়ার কথা রয়েছে। পলাতক জয়-এর পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
এছাড়া, একই ট্রাইব্যুনালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং আরও দুইজনকে হত্যার মামলায় সাক্ষ্যগ্রহণ হতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আবু সাঈদ হত্যা মামলা এবং হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের সম্ভাবনা রয়েছে।