বুধবার , ১২ আগস্ট ২০২৬
বুধবার , ১২ আগস্ট ২০২৬
হোমরাজনীতি২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।


তারেক রহমান বলেন, “আজকের এই আয়োজনটি দুটি কারণে গুরুত্বপূর্ণ—একটি হলো ১৬ ডিসেম্বর, আমাদের বিজয় দিবস; আরেকটি হলো, প্রায় ১৭ থেকে ১৮ বছর যুক্তরাজ্যে আপনাদের সঙ্গে ছিলাম। কিন্তু আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে ফিরে যাচ্ছি।”


বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও স্বাধীনতার পর দেশের ভবিষ্যৎ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। তারেক রহমান বলেন, প্রায় ৫৫ বছর আগে যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের একটি স্বপ্ন ও প্রত্যাশা ছিল—কীভাবে তারা দেশকে গড়ে তুলবেন। প্রবাসী বাংলাদেশিরা বিদেশে উন্নত জীবনব্যবস্থা, পরিষ্কার রাস্তা কিংবা সামাজিক সুযোগ-সুবিধা দেখে মনে মনে ভাবেন, “আমাদের দেশটি যদি এমন হতো।”


তিনি আরও বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রে হয়তো খুব বেশি কিছু নেই, কিন্তু ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধকে তারা সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে। এসব দেখে আমাদের দেশের জন্য আফসোস হয়।


তারেক রহমান বলেন, “১৯৭১ সালে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের প্রত্যাশাও ছিল এমন একটি দেশ গড়ার।” তিনি স্বাধীনতার পর গণতন্ত্রের চর্চা নিয়ে মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরে বলেন, পরবর্তীতে বাকশালসহ নানা ঘটনায় মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ধীরে ধীরে সংকুচিত হয়েছে।


আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনের দিনগুলো সহজ হবে না। তবে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারলে দলীয় পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা যাবে।


বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনায় তারেক রহমান আরও বলেন, মুক্তিযুদ্ধের পর বিভিন্ন সময়ে দেশকে এগিয়ে নেওয়ার যে পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হয়েছিল, তা নানা ষড়যন্ত্রের মাধ্যমে বারবার বাধাগ্রস্ত করা হয়েছে।