আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সংস্কারকৃত এজলাস উদ্বোধন করলেন প্রধান বিচারপতি
মানবতাবিরোধী অপরাধের বিচারকার্য পরিচালনার লক্ষ্যে সংস্কারকৃত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর নতুন এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এজলাসটির উদ্বোধন করেন।
আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম, খুনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ এবং চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাগুলোর বিচার বর্তমানে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল-২ এতদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণের একটি টিনশেড ভবনে কার্যক্রম পরিচালনা করছিল।
অন্যদিকে, ট্রাইব্যুনাল-১-এর বিচারকাজ চলছিল মূল ভবনে। দীর্ঘদিনের সংস্কারকাজ শেষে নতুন এজলাস উদ্বোধনের মাধ্যমে এখন থেকে ট্রাইব্যুনাল-২-এর বিচার কার্যক্রম এ ভবনেই পরিচালিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট বিচারক ও কর্মকর্তারা।