হাদি হত্যাচেষ্টা মামলায় পলায়নে সহায়তাকারীর ৩ দিনের রিমান্ড
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলার অন্যতম আসামি ফয়সাল করিম মাসুদকে মাইক্রোবাস ভাড়া করে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আসামিকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
এর আগে গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে শরিফ ওসমান হাদি নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে মতিঝিলে প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানের পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুষ্কৃতকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সংগঠিতভাবে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।