বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › জেআইসি সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরুর আদেশ আজ

জেআইসি সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরুর আদেশ আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
জেআইসি সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরুর আদেশ আজ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক ও বর্তমান ১১ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হতে পারে আজ।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দিতে পারেন। এর আগে গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন করে। মামলায় মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।


শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, জেআইসি সেলে শত শত মানুষকে অবৈধভাবে আটক রেখে নির্যাতন করা হয়েছে। আবদুল্লাহিল আমান আযমী ও মাইকেল চাকমাসহ অন্তত ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। রাষ্ট্রপক্ষের দাবি, সব গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা এবং তারিক আহমেদ সিদ্দিক সেনা কর্মকর্তাদের মাধ্যমে সেসব বাস্তবায়ন করতেন।


এরপর আসামিপক্ষের আইনজীবীরা শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন।


এই মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক, পাঁচ পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেলকে আসামি করা হয়েছে। তবে এ মামলায় বর্তমানে তিনজন গ্রেপ্তার রয়েছেন।


এদিকে, জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে হত্যার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে।