বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় দুই আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় দুই আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

favicon
ভোরের আলো ডেস্ক:
শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় দুই আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় মূল আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার আদিবাসী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ সাত দিনের রিমান্ড আবেদন করেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এর আগে বুধবার ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে।


এজাহারে আরও বলা হয়, ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী কার্যক্রম শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।


পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।