সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › হিলি স্থলবন্দরে রপ্তানি বাণিজ্যের নতুন দিগন্ত: ৫ মাসে রপ্তানি ১০ হাজার টন ছাড়িয়েছে

হিলি স্থলবন্দরে রপ্তানি বাণিজ্যের নতুন দিগন্ত: ৫ মাসে রপ্তানি ১০ হাজার টন ছাড়িয়েছে

favicon
ভোরের আলো ডেস্ক:
হিলি স্থলবন্দরে রপ্তানি বাণিজ্যের নতুন দিগন্ত: ৫ মাসে রপ্তানি ১০ হাজার টন ছাড়িয়েছে

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যাপক জোয়ার এসেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এই বন্দর দিয়ে ৪২৯টি ট্রাকে করে ১০ হাজার ৭৬২ মেট্রিক টন দেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে। রপ্তানি হওয়া পণ্যের তালিকায় রয়েছে দেশের নামী কোম্পানির বিস্কুট, প্লাস্টিক পাইপ ও আসবাবপত্র। গত অর্থবছরের একই সময়ে যেখানে রপ্তানি প্রায় শূন্যের কোঠায় ছিল, সেখানে এবার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।


একই সময়ে ভারত থেকে পণ্য আমদানিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৯ হাজার ৩৮৪টি ট্রাকে মোট ৩ লাখ ৩৪ হাজার ৪৯৩ মেট্রিক টন বিভিন্ন পণ্য আমদানি হয়েছে, যা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ২২৩ কোটি ৭ লাখ টাকা। মূলত ১২ আগস্টের পর থেকে আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেখানে আগে দৈনিক ১০-১৫টি ট্রাক আসত, এখন তা বেড়ে ১৫০-১৬০টিতে দাঁড়িয়েছে।


বন্দরে বাণিজ্য বাড়ায় স্থবিরতা কেটে কর্মচাঞ্চল্য ফিরেছে শ্রমিক ও চালকদের মাঝে। শ্রমিকরা জানান, গত বছর কাজ না থাকায় দিনে ১০০ টাকা আয় করাও কঠিন ছিল, বর্তমানে ব্যস্ততা বাড়ায় তারা দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আয় করছেন। হিলি কাস্টমস ও বন্দর সংশ্লিষ্টরা আশা করছেন, রপ্তানিযোগ্য পণ্যের তালিকা আরও দীর্ঘ হলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। দ্রুত পচনশীল পণ্য খালাসে কাস্টমস কর্তৃপক্ষ বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানানো হয়েছে।