জাতীয় বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অব এক্সিলেন্স’ করার ঘোষণা ভিসি আমানুল্লাহর
জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের 'সেন্টার অব এক্সিলেন্স' হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। রবিবার (২১ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত বিশেষ সিনেট অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ এবং প্রায় আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় দক্ষ নেতৃত্ব তৈরিতে এর ভূমিকা অপরিসীম।
ভিসি জানান, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ও ডেটা সায়েন্সের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও নারী ক্ষমতায়নের অংশ হিসেবে প্রথম পর্যায়ে ৫০ হাজার ছাত্রীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা পরবর্তী ধাপে ছাত্রদের জন্যও উন্মুক্ত করা হবে।
বিশ্ববিদ্যালয়টির আধুনিকায়নে একাধিক নতুন ইনস্টিটিউট ও ল্যাব প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি বলেন, ভার্চুয়াল লার্নিং সেন্টার, ফরেনসিক সায়েন্স, সাইবার সিকিউরিটি এবং মিডিয়া স্টাডিজের মতো যুগোপযোগী বিষয় নিয়ে কাজ শুরু হয়েছে। বিশেষ করে ব্রিটেনের স্যালফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে 'সেন্টার অব এক্সেলেন্স ফর এমার্জিং টেকনোলজিস' প্রতিষ্ঠা এবং বিভিন্ন গবেষণামূলক পিএইচডি ও এমফিল প্রোগ্রাম চালুর মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে প্রতিটি জেলায় পরীক্ষা কেন্দ্র ও আঞ্চলিক কেন্দ্র নির্মাণের কাজও এগিয়ে চলছে বলে তিনি সিনেট সদস্যদের অবহিত করেন।