বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড: মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড: মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন

favicon
ভোরের আলো ডেস্ক:
শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড: মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হওয়া আব্দুল হান্নানের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার (২১ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এই আদেশ দেন। তদন্তে দেখা গেছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের মডেল এবং নম্বরের সাথে আব্দুল হান্নানের মালিকানাধীন যানের তথ্যে গরমিল রয়েছে।


আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুষ্কৃতিকারীরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই ঘটনায় গত ১৩ ডিসেম্বর আব্দুল হান্নানকে আটক করে র‍্যাব-২। পরবর্তীতে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড চলাকালীন তথ্য পাওয়া যায় যে, আব্দুল হান্নানের নামে বিআরটিএ-তে সুজুকি জিক্সার ও ইয়ামাহা ব্র্যান্ডের দুটি গাড়ি নিবন্ধিত থাকলেও হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল হোন্ডা হর্নেট মডেলের একটি মোটরসাইকেল। এছাড়া সিসিটিভি ফুটেজে শনাক্তকৃত নম্বরের শেষ সংখ্যার সাথেও হান্নানের মোটরসাইকেলের নম্বরের অমিল পাওয়া যায়।


শহীদ শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। আজ রিমান্ড ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর আদালত আব্দুল হান্নানের জামিন আবেদন গ্রহণ করেন।