জিতেও খুশি নন গার্দিওলা: বাতিল হলো ম্যানসিটি ফুটবলারদের বাড়তি ছুটি
ওয়েস্ট হামের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেলেও দলের মাঠের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট হতে পারেননি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। খেলোয়াড়দের খেলায় নিবেদন ও মানের অভাব দেখে ক্ষুব্ধ এই স্প্যানিশ কোচ বড়দিন উপলক্ষে নির্ধারিত অতিরিক্ত ছুটি বাতিল করার কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।
ম্যাচ শেষে গার্দিওলা স্পষ্ট জানিয়ে দেন, যদি লিগ বা বড় কোনো ট্রফি জিততে হয়, তবে এই ধরনের পারফরম্যান্স মোটেও যথেষ্ট নয়। আগামী ২৭ ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের টানা তিন দিনের (সোমবার থেকে বুধবার) ছুটি দেওয়া হলেও, তারা রবিবারও বাড়তি ছুটি চেয়েছিলেন। কিন্তু গার্দিওলা সেই অনুরোধ নাকচ করে দিয়ে রবিবারই সবাইকে সিটি ফুটবল একাডেমিতে রিপোর্ট করার নির্দেশ দেন।
গার্দিওলা বলেন, “খেলোয়াড়রা রবিবার ছুটি চেয়েছিল, কিন্তু আমি না করে দিয়েছি। কারণ আমরা মোটেও ভালো খেলিনি। যারা ম্যাচে খেলেনি, তাদের রিকভারি ও ট্রেনিং সেশন করতে হবে।” তবে তিনি স্বীকার করেছেন যে, ইংল্যান্ডের ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের জন্য ছুটির প্রয়োজন আছে। তাই তিন দিন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে ২৫ ডিসেম্বর আবার অনুশীলনে ফেরার নির্দেশ দিয়েছেন তিনি।
খেলোয়াড়দের সতেজতা ফেরাতে এই তিন দিনের বিরতি কার্যকর হবে বলে মনে করেন গার্দিওলা। তিনি বলেন, “ছুটির পর সতেজ হয়ে মাঠে ফেরা জরুরি। খেলোয়াড়রা যখন ফুটবল ভুলে পরিবারের সঙ্গে সময় কাটাবে, আমি তখন পরবর্তী ম্যাচের প্রস্তুতির জন্য পর্দার আড়ালে কাজ করে যাব।”