বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › জিয়াউল আহসানের বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন ৪ জানুয়ারি, ট্রাইব্যুনালে গ্রেপ্তার প্রদর্শন

জিয়াউল আহসানের বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন ৪ জানুয়ারি, ট্রাইব্যুনালে গ্রেপ্তার প্রদর্শন

favicon
ভোরের আলো ডেস্ক:
জিয়াউল আহসানের বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন ৪ জানুয়ারি, ট্রাইব্যুনালে গ্রেপ্তার প্রদর্শন

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ’ (ফরমাল চার্জ) গঠনের শুনানির দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আগামী ৪ জানুয়ারি শুনানির এই দিন নির্ধারণ করেন। একই সঙ্গে এই মামলায় জিয়াউল আহসানকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।


গত ১৭ ডিসেম্বর প্রসিকিউশন বিভাগ জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগে ফরমাল চার্জ দাখিল করে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আজ তাকে ট্রাইব্যুনালে হাজির না করায় ক্ষোভ প্রকাশ করেন বিচারকগণ। কারা কর্তৃপক্ষ জানায়, আদালতের আদেশের কপি দেরিতে পৌঁছানোয় তাকে হাজির করা সম্ভব হয়নি। এর প্রেক্ষিতে আগামী ৪ জানুয়ারি তাকে অবশ্যই আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।


জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো:


প্রথম অভিযোগ: ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে তাঁর পরিকল্পনা ও সরাসরি অংশগ্রহণে সজলসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে গুলি করে হত্যা করা।


দ্বিতীয় অভিযোগ: ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার বলেশ্বর নদীর মোহনায় নজরুল ইসলাম মল্লিক ও আলকাছ মল্লিকসহ অন্তত ৫০ জনকে গুলি করে হত্যা ও লাশ গুম করা।


তৃতীয় অভিযোগ: একই সময়ে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে বনদস্যু দমনের নামে মাসুদসহ আরও ৫০ জনকে গুলি করে হত্যার অভিযোগ।


ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক এই মহাপরিচালককে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৬ আগস্ট চাকরিচ্যুত করা হয় এবং পরবর্তীতে ১৬ আগস্ট পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ আদালতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।