দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে: সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন যে, বর্তমানে দেশকে পরিকল্পিতভাবে আতঙ্ক ও নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় তিনি বলেন, দেশে এখন আইনের শাসনের পরিবর্তে এক ধরনের স্বেচ্ছাতন্ত্র চলছে, যার ফলে জনজীবনে চরম নিরাপত্তাহীনতা ও অকার্যকর প্রশাসনের কারণে নৈরাজ্য ছড়িয়ে পড়ছে।
সভায় সাইফুল হক সাম্প্রতিক বিভিন্ন নৃশংস ঘটনার কথা উল্লেখ করে বলেন, রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পোড়ানো কিংবা লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন দিয়ে শিশু হত্যার মতো ঘটনায় অপরাধীদের বিচার না হওয়ায় খুনিরা উৎসাহিত হচ্ছে। তিনি প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর ভবনে আগুনের ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, এসব ঘটনা প্রমাণ করে যে বর্তমানে জান-মাল ও প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার কেউ নেই। এছাড়া ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনাকে তিনি ‘নজিরবিহীন বীভৎসতা’ হিসেবে আখ্যায়িত করেন।
সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি ও শ্রমিক দীপু দাসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করে দ্রুত প্রার্থী তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বহ্নিশিখা জামালী, আকবর খান ও আবু হাসান টিপুসহ কমিটির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।