বিএনপি ছাড়লেন সাবেক এমপি শাহিন: স্বতন্ত্র হিসেবে ভোটের মাঠে থাকার ঘোষণা
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবীর শাহিন বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে ধানের শীষের টিকিট দেওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে শাহিন জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্রের একটি কপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর পাঠিয়েছেন। তিনি ছাত্রজীবন থেকে দীর্ঘ ৪৩ বছর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০০১ সালে এই আসন থেকেই এমপি নির্বাচিত হয়েছিলেন। দল ছাড়লেও আসন্ন নির্বাচনে স্বতন্ত্র বা অন্য কোনো জোট থেকে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক দল থেকে প্রস্তাব থাকলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে তিনি ভোটের মাঠে থাকছেন তা নিশ্চিত।