শনিবার , ২১ নভেম্বর ২০২৬
শনিবার , ২১ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › ডিসেম্বরে রেমিট্যান্সে উল্লম্ফন: ২৭ দিনে এলো ২৭৫ কোটি ডলার

ডিসেম্বরে রেমিট্যান্সে উল্লম্ফন: ২৭ দিনে এলো ২৭৫ কোটি ডলার

favicon
ভোরের আলো ডেস্ক:
ডিসেম্বরে রেমিট্যান্সে উল্লম্ফন: ২৭ দিনে এলো ২৭৫ কোটি ডলার

চলতি মাসের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ১৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।


রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গত বছরের একই সময়ের তুলনায় চলতি ডিসেম্বরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গত বছর ডিসেম্বরের প্রথম ২৭ দিনে দেশে এসেছিল ২৪০ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।


তিনি আরও জানান, ২৪ থেকে ২৭ ডিসেম্বর—এই চার দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। পাশাপাশি চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৭৯ কোটি ১০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৬০ শতাংশ বেশি।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে নভেম্বরে—২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর আগে অক্টোবরে দেশে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে আসে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।


এদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।